Chandrayaan 3: পৃথিবী ছাড়িয়ে চাঁদের কক্ষপথে পা, সাফল্যের দুয়ারে আরও এক ধাপ ইসরোর

 চন্দ্রযান ৩ চাঁদের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে সফলভাবে পা রাখল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই মহাকাশ যান। এবার ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু হবে চন্দ্রযান ৩-এর। মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় শুরু হল দিন গোনা।

চন্দ্রযান ৩ ভারতের শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল গত ১৪ জুলাই। তারপর কেটে গিয়েছে ২২ দিন। ইতিমধ্যে চাঁদের পথে দুই-তৃতীয়াংশ যাত্রা সম্পূর্ণ করে ফেলেছে এই মহাকাশযান। পৃথিবী ছাড়িয়ে চাঁদের মাধ্যাকর্ষণে পা রাখার চারদিন পরেই চন্দ্র কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান।

শনিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চন্দ্রযান ৩-এর লুনার অরবিট ইনজেকশন সফল হয়েছে। চাঁদের কক্ষপথে সফল প্রবেশ ঘটেছে চন্দ্রযান ৩-এর। মঙ্গলবার মধ্যরাতে একটি সফল পেরিজি বার্নে ইসরো তার চন্দ্রযান ৩-কে চাঁদের মহাকর্ষীয় প্রভাবের মধ্যে সফলভাবে উন্নীত করেছিল। এবার প্রবেশ করল চন্দ্র কক্ষপথে।

ইসরো জানিয়েছে, চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর থেকেই ধীরে ধীরে গতিবেগ কমাতে শুরু করবে চন্দ্রযান-৩। চাঁদের চারপাশে ৫-৬টি কক্ষপথ সম্পূর্ণ করে তা অবতরণ করবে চন্দ্রপৃষ্ঠে। তারপর চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারটি চাঁদে নামার পর তা থেকে রোভার প্রজ্ঞান নেমে আসবে তা থেকে।

আর মাত্র ১৮ দিনের অপেক্ষা। তারপরউ তৈরি হবে নয়া ইতিহাস। ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে নামতে সফল বে বলে স্থির বিশ্বাস ইসরোর। এর আগে তিনটি দেশ চাঁদের মাটিতে পা রাখলেও তারা কেউই দক্ষিণ মেরুতে নামতে পারেনি। ভারত সেই অসাধ্য সাধন করতে চলেছে এবার।

চন্দ্রযান-৩ যখন চাঁদ থেকে ১০০ কিলোমিটার দূরে থাকবে, তখনই প্রপালশন মডিউলের ইঞ্জিনটি বন্ধ হয়ে যাবে। তারপরই ধীরে ধীরে চাঁদের বুকে নামতে থাকবে চন্দ্রযান। চাঁদের দক্ষিণ মেরুর ৭০ ডিগ্রি দ্রাঘিমায় নামার কথা চন্দ্রযানের বিক্রম ল্যান্ডার ও রোভার প্রজ্ঞানের।

সব কিছু ঠিকঠাক চললে চাঁদের দক্ষিণ মেরু থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে পা রাখবে ভারতের চন্দ্রযান। চাঁদের মাটি থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় থাকাকালীন ডানা মেলে দেবে ল্যান্ডার বিক্রম। তারপর রোভার প্রজ্ঞানকে নিয়ে ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটি ছুঁতে সময় লাগবে ২০ মিনিট।

إرسال تعليق

0 تعليقات