West Bengal Weather News: নিম্নচাপের মেঘ কাটতেই রোদ ঝলমলে আকাশ, বড় আবহাওয়া বদলের ইঙ্গিত হাওয়া অফিসের

 West Bengal Weather News: নিম্নচাপের মেঘ কাটতে শুরু করেছে শহরের আকাশ থেকে। গতকাল থেকে মেঘ মুক্ত হতে শুরু করেছে আকাশ। আজ সকাল থেকেই রোদ ঝলমলে শহর কলকাতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মেঘ কাটতে শুরু করেছে। আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টির দাপট।

গতকাল পর্যন্ত যে নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট দেখা গিয়েছিল। উত্তাল হয়ে উঠেছিল সমুদ্র। নিম্নচাপ আর পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় সুন্দরবনের একাধিক জায়গায় বাঁধে ফাটল ধরেছিল। জল উপচে এসে গ্রামে ঢুকছিল। সেই অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।


নিম্নচাপ ধীরে ধীরে সরে গিয়েছে ছত্তিশগড়ের কাছে। তার জেরে বৃষ্টির সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে। অগাস্টের শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা দেখা গিয়েছিল কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হল না। ফের বিরূপ বর্ষা। অগাস্টে তেমন বর্ষণের সম্ভাবনা রাজ্যে নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

গতকয়েক দিনে বৃষ্টির কারণে কলকাতার তাপমাত্রা বেশ আরামদায়ক হয়ে গিয়েছিল। অনেকটাই নেমেছিল তাপমাত্রা। কিন্তু নিম্নচাপের মেঘ কাটতেই ফের বাড়তে শুরু করেছে গরম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে কলকাতা শহরে। শুক্রবার রাত থেকেই গরম অনুভূত হতে শুরু করে দিয়েছে।


আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তেমন বর্ষণের কোনও সম্ভাবনা নেই। কাজেই ফের গরমের দাপট বাড়তে শুরু করবে রাজ্যে। তবে শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে শহরের।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি কমতে শুরু করবে। একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। বর্ষাতে বৃষ্টির ঘাটতি তৈরি হওয়ায় চাষের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এই সময় ধান চাষ হয় জেলায়। তার জন্য প্রচুর বৃষ্টির প্রয়োজন। কিন্তু সেটা না হওয়ায় আশঙ্কায় রয়েছেন চাষীরা।

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ হবে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণেই এই ভারী বৃষ্টিপাত বলে জানিয়েেছ আলিপুর আবহাওয়া দফতর। বর্ষার শুরু থেকেই উত্তরবঙ্গ বৃষ্টির দাক্ষিণ্য পেয়েছে। একাধিক জায়গায় ধস পর্যন্ত নেমেছে।

মৌসম ভবন যদিও অগাস্ট মাসে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কিন্তু বর্ষা প্রথম থেকেই বিরূপ রাজ্যের প্রতি, অসমবৃষ্টিপাত হচ্ছে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এদিকে দক্ষিণবঙ্গে তেমন বর্ষণের দেখা নেই। আবার উত্তর ভারত এবং পশ্চিমভারতের রাজ্যগুলিতে আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে। রাজধানী দিল্লিতে পর্যন্ত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন মহারাষ্ট্র, গুজরাতে চলছে বর্ষণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ