চাঁদের কক্ষপথে সফল প্রবেশ ঘটেছে ভারতের চন্দ্রযান ৩-র। ভারতের এই তৃতীয় চন্দ্র মিশন সাফল্যের দুয়ারে পৌঁছেই বার্তা পাঠাল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে। চন্দ্রযানের সেই বার্তা পেয়ে উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরা। তাঁরাও এবার সাফল্যের গন্ধ পেতে শুরু করে দিলেন।
চন্দ্রযান ৩-র এবার ক্রমশ চাঁদের কাছাকাছি যাওয়ার পালা। যে ১৮ দিনের সফর বাকি রয়েছে, সেখানে ধীরে ধীরে কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদের কাছে পৌঁছে যাবে চন্দ্রযান-৩। রবিবারই পরবর্তী পদক্ষেপ নেবে ইসরো। ইসরো এদিনই চাঁদের পরবর্তী কক্ষপথে পাঠাতে কৌশল প্রয়োগ করছে।
চাঁদের কক্ষপথে পৌঁছে ভারতের চন্দ্রযান বার্তা পাঠিয়েছে, আমি চন্দ্রের মাধ্যকর্ষণ অনুভব করছি। ২২ দিনের যাত্রাপথ পেরিয়ে ইসরোর মহাকাশযান পৌঁছে গিয়েছে চাঁদের কক্ষপথে। এবার দক্ষিণ মেরুতে নামার অভিযান শুরু হয়েছে। এখানে আগে কোনও দেশ পৌঁছতে পারেনি। ভারত সেই অসাধ্যসাধন করতে চলেছে।
১৪ জুলাই উৎক্ষেপণের পর মহাকাশযানটি চাঁদের দূরত্বের দুই-তৃতীয়াংশ পথ ইতিমধ্যেই অতিক্রম করে গিয়েছে। আর এক-তৃতীয়াংশ পথ পাড়ি দিতে বাকি। এই পথ পেরোতে গত কমিয়ে দেবে চন্দ্রযান-৩। এবার নামার পালা চাঁদের মাটিতে। ১৮ দিনের রুদ্ধশ্বাস পরিক্রমা এদিন থেকেই শুরু হয়েছে।
চন্দ্রযান-৩ থেকে বার্তা আসার পর উচ্ছ্বসিত ইসরোর জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, ১৪ জুলাই মহাকাশে পাড়ি দেওয়ার পর থেকে আমরা চন্দ্রযানের এই বার্তার অপেক্ষায় ছিলাম। আমরা এবার দীর্ঘশ্বাস নিয়ে অপেক্ষা করছি কবে আসবে সেদিন, যেদিন চাঁদের মাটি থেকে প্রজ্ঞান রোভার বার্তা পাঠানো শুরু করবে।
চাঁদের পথে গতি হ্রাসের অর্থ হল চন্দ্রে অবতরণের প্রক্রিয়া শুরু। এটি চাঁদের দিকে কক্ষপথ পরিবর্তন করে এবার এগিয়ে যাবে। একবার চন্দ্র কক্ষপথ সন্নিবেশ সফল হলে অপেক্ষা ১৭ অগাস্টের জন্য। ওইদিন কক্ষপথ সার্কুলারাইজ করা হবে। তারপর ২৩ অগাস্ট চাঁদের মাটি স্পর্শ করার অপেক্ষা।
চাঁদে নামার পথে চন্দ্র কক্ষপথে ৫ থেকে ৬ বার পাড়ি দেবে চন্দ্রযানটি। ধীরে ধীরে তা ১০০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে আসার পরই বন্ধ হয়ে যাবে জেট প্রপালশান সিস্টেম। তারপর পরবর্তী ১০ দিনের মধ্যে চাঁদের দক্ষণি মেরু অঞ্চলের একটি সুনির্দিষ্ট সথানে নেমে পড়বে বিক্রম ল্যান্ডার।
বিক্রম ল্যান্ড করার পরই তা থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। শুরু রহবে চাঁদের মাটিতে নয়া অভিযান। সেই নয়া ইতিহাস গড়ার অপেক্ষায় এখন গোটা ভারতবর্ষ। ইসরো জানিয়েছে, এখন পর্যন্ত সমস্ত প্রক্রিয়াই সুষ্ঠুভাবে হয়েছে, এভাবেই চলতে থাকলে ২৩ অগাস্ট ৫টা ৪৭ মিনিটে সফল অবতরণ হবে চন্দ্রযান ৩-র বিক্রম ল্যান্ডারের।


0 মন্তব্যসমূহ