Asian Games: এশিয়ান গেমসের আগে কলকাতাতেই মহড়া, জনপ্রিয়তা বাড়ছে ড্রাগন বোটিংয়ের

 Asian Games: এশিয়ান গেমসে এবার রয়েছে ড্রাগন বোট। তাতে অংশ নেবে ভারতীয় দল। কলকাতায় এশিয়ান গেমসের মহড়া সেরে নিল ভারতের ড্রাগন বোট দল। তার আগে ভারতীয় দল তাইল্যান্ডে একটি প্রতিযোগিতাতেও অংশ নেবে।

ড্রাগন বোটিংয়ে সাফল্য পাচ্ছে বাংলা দলও। ড্রাগন বোটিংয়ে সফল বাংলা ও ভারতীয় দলের রোয়ারদের আজ সংবর্ধিত করা হলো ক্যালকাটা রোয়িং ক্লাবে।


সম্প্রতি বিহারে আয়োজিত ওপেন ও প্যারা ড্রাগন বোট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা জিতছে বাংলা। সেই দলকে এদিন সংবর্ধিত করা হলো। এ ছাড়া সারা দেশ থেকে বাছাই ৭৮ জন খেলোয়াড়কে নিয়ে ইকো পার্কে আয়োজন করা হয় জাতীয় প্রশিক্ষণ শিবিরের। সেই শিবির থেকে বাছাই প্লেয়ারদের পাঠানো হচ্ছে ওয়ার্ল্ড ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে।

এদিন সংবর্ধিত করা হয়েছে ভারতের ড্রাগন বোট দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দেরও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শম্ভু মণ্ডল, অনুপকুমার চৌধুরী, কে এস রেজি, ফারুক আহমেদ, শুভাশিস দাশগুপ্ত, চন্দন রায় চৌধুরী, শ্রেয়া পাণ্ডে প্রমুখ। ড্রাগন বোটিংয়ের সাফল্যের নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরেন বেঙ্গল ড্রাগন বোট অ্যান্ড ট্রাডিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শাকিল আহমেদ ও সচিব প্রিয়া মুখোপাধ্যায়।

তাঁদের কথায়, বর্তমানে এই খেলাটি তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। খেলাটি সর্বস্তরে পৌঁছে দিতে রাজ্যস্তরে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। চিনের হাংঝৌয়ে এশিয়ান গেমসে ভারতীয় দল অংশগ্রহণ করবে। জাতীয় শিবির আয়োজনে সাহায্য করার জন্য হিডকোর এমডি দেবাশিস সেনকে ধন্যবাদ জানানো হয়। ষোড়শ ওয়ার্ল্ড ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কাল তাইল্যান্ড যাচ্ছে ভারতীয় দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ